তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল করার জন্য রাষ্ট্রপতির কাছে সংলাপ আয়োজনের সুপারিশ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে গতকাল সোমবার বঙ্গভবনে অনুষ্ঠিত সংলাপে এ সুপারিশ করে দলটি।রাষ্ট্রপতি বেলা ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দুপুর ১২টায় চারদলীয় জোটের শরিক বিজেপির সঙ্গে সংলাপ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ তত্ত্বাবধায়ক-ব্যবস্থা পুনর্বহালের সুপারিশ করে।সংলাপ শেষে বিজেপির চেয়ারম্যান সাংসদ আন্দালিভ রহমান সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ ডেকেছেন। কিন্তু নির্বাচন কমিশন থেকে তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থাকে আলাদা করে দেখার সুযোগ নেই। সে জন্য তাঁদের দল তত্ত্বাবধায়ক-ব্যবস্থা নিয়েও সংলাপ চায়। তিনি বলেন, ‘বাস্তবতা হলো, নির্বাচন কমিশন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতটা স্বাধীন, দলীয় সরকারের অধীনে ততটা নয়, বিষয়টি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। তাই আমরা রাষ্ট্রপতিকে জানিয়েছি, তত্ত্বাবধায়ক-ব্যবস্থার আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনায় রাজি নই।’আন্দালিভ রহমান বলেন, রাষ্ট্রপতিকে আরও জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই তড়িঘড়ি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক-ব্যবস্থা বাতিল করা ঠিক হয়নি।বিজেপির সুপারিশ সম্পর্কে রাষ্ট্রপতি কী অভিমত দিয়েছেন, জানতে চাইলে বিজেপির চেয়ারম্যান বলেন, ‘তিনি বলেছেন সাংবিধানিকভাবে তাঁর হাত-পা বাঁধা। এ বিষয়ে তাঁর কিছু করার নেই।’ তিনি জানান, নির্বাচন কমিশন গঠনের জন্য বিজেপির পক্ষ থেকে বিশেষ কোনো ব্যক্তির নাম সুপারিশ করা হয়নি। তত্ত্বাবধায়ক-ব্যবস্থা পুনর্বহাল হলেই কমিশন গঠন নিয়ে আলোচনা সম্ভব।আন্দালিভ রহমানের নেতৃত্বে সংলাপে বিজেপির নয় সদস্যের প্রতিনিধিদলে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য বুলবুল নাহার, খলিলুর রহমান, খন্দকার সিরাজুল ইসলাম প্রমুখ।সংলাপ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংবাদিকদের দেওয়া লিখিত বক্তব্যে জানিয়েছে, সংলাপে তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের আগে তত্ত্বাবধায়ক-ব্যবস্থা পুনর্বহালের উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে। সংলাপে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক আল-মাদানি, মহাসচিব ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব আতাউর রহমান প্রমুখ অংশ নেন।রাষ্ট্রপতি গত ২২ ডিসেম্বর থেকে এই সংলাপ শুরু করেছেন। তিনি কাল বুধবার বেলা ১১টায় কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুপুর ১২টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (খালেকুজ্জামান) সঙ্গে সংলাপ করবেন।