চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা না করা পর্যন্ত জনগণ রাজপথ ছেড়ে যাবে না। বিএনপি নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবে।গতকাল সোমবার চট্টগ্রাম নগরে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।সমাবেশে আমীর খসরু আরও বলেন, ‘চট্টগ্রামের মানুষ বিশাল সমাবেশের মাধ্যমে আজ আবারও শেখ হাসিনার ওপর অনাস্থা দিয়েছেন। দেশ ও জাতি এই স্বৈরাচার সরকার থেকে মুক্তি চায়। গণতন্ত্রকামী মানুষ আজ স্বৈরাচার সরকারের পতন ঘটাতে রাস্তায় নেমেছে।’সমাবেশের অন্য বক্তারাও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানান।বিকেল সোয়া চারটায় দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের পর গণমিছিল বের করা হয়। মিছিলটি জুবিলি রোড, নিউমার্কেট, কোতোয়ালি মোড়, লালদীঘির পাড়, আন্দরকিল্লা, মোমিন রোড প্রদক্ষিণ করে জামালখানে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। শান্তিপূর্ণভাবে শেষ হওয়া গণমিছিলে জোটের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।গণমিছিলের আগে নগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড় হয় নাসিমন ভবনের সামনে। বিকেল চারটার দিকে কানায় কানায় ভরে যায় নাসিমন ভবনসংলগ্ন দুই পাশের সড়ক ও আশপাশের অলিগলি।গণমিছিলের অগ্রভাগে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, নগর জামায়াতের আমির ও সাংসদ শামসুল ইসলাম।গণমিছিলের আগে নাসিমন ভবন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ চলাকালে বিকেল পৌনে চারটার দিকে জামায়াত ও শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। তাঁরা নগরের লালখান বাজার থেকে মিছিল নিয়ে আসেন। প্রায় এক কিলোমিটার দীর্ঘ গণমিছিলে জামায়াত-শিবিরের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নগরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছিল পুলিশ প্রশাসন। নাসিমন ভবন ও আশপাশের এলাকা ছাড়াও নগরের গুরুত্বপূর্ণ মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।