প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকার মানে এক-এগারোর সরকার নয়। এক-এগারোর সরকার ছিল আধা সামরিক সরকার। তারা দেশের অনেক ক্ষতি করে গেছে। তাই এই ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই।গতকাল শনিবার একক বক্তৃতা অনুষ্ঠানে রফিক-উল হক এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুক্তচিন্তা নামের একটি প্রতিষ্ঠান এ বক্তৃতার আয়োজন করে। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারব্যবস্থার প্রয়োজন আছে বলে মনে করেন রফিক-উল হক। তিনি বলেন, ‘কারও কারও মতে, তত্ত্বাবধায়কব্যবস্থা মানে এক-এগারোর সরকার, এমন ধারণা সঠিক নয়। আমরা দেশের ভালো চাই। সে জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে পারে। সেটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী—যে নামেই হোক না কেন। তাঁর মতে, নির্বাচনের বাকি মাত্র ১০ মাস, তার আগেই রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে। অনেকেই নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলছেন। প্রয়োজনে তা-ও করতে হবে।সরকারের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে রফিক-উল হক বলেন, বর্তমান সরকারের আমলে সমস্যার শেষ নেই। লক্ষাধিক শিক্ষককে সরকারি করা হলো। বাকি শিক্ষকদের মরিচের গুঁড়া স্প্রে করা হয়েছে। স্বাস্থ্য খাতে তেমন কোনো উন্নতি নেই। তবে সরকারের কিছু ভালো কাজও আছে। বছরের শুরুতে ছাত্ররা বই পাচ্ছে, এমনটা আগে কখনো দেখা যায়নি।রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নেই মন্তব্য করে রফিক-উল হক বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে দেখা গেছে, নেত্রী যা বলেছেন, তা-ই হয়েছে। বিএনপিতেও একই অবস্থা। তিনি প্রশ্ন রাখেন, ‘এটা কি গণতন্ত্র? এ তো একনায়কতন্ত্রের চেয়েও বেশি।’