তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরার দাবিতে বিকল্পধারার অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে গতকাল শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতীকী অনশন করেছে বিকল্পধারা বাংলাদেশ।কেন্দ্রীয়ভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ প্রতীকী অনশন কর্মসূচি পালন করে দলটি। এতে সমাপনী বক্তব্যে বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সংঘাতময় পরিস্থিতি থেকে দেশকে রক্ষার জন্য অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করায় জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ কারণে অসংখ্য সমস্যা, সংঘাত এবং বহু মানুষের মৃত্যু হয়েছে। দেশকে গৃহযুদ্ধের পর্যায়ে ঠেলে দেওয়া হয়েছে। সাভার ট্র্যাজেডির জন্য দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বলেন, দোষীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে সে টাকায় ট্রাস্ট গঠন করে নিহত ও আহত শ্রমিকদের পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এ সময় বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীসহ কেন্দ্রীয় অনুগামী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ প্রতীকী অনশনে সংহতি জানাতে এসেছিলেন বিএনপির চেয়ারপারসনের প্রতিনিধি মাহবুবুর রহমান ও সেলিমা রহমান এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।এ ছাড়া সিলেট, খুলনা, বাগেরহাট, নাটোর, দিনাজপুর, কিশোরগঞ্জ, নওগাঁর পত্নীতলা, লালমনিরহাটের পাটগ্রাম, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, নোয়াখালীর মাইজদী, লক্ষ্মীপুরের সুবর্ণচর, রামগতি ও রায়পুর এবং মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলায় অনশন কর্মসূচি পালন করা হয়েছে বলে বিকল্পধারার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।