তত্ত্বাবধায়ক সরকার এখন মৃত: সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এখন মৃত। মৃত দেহে প্রাণ সঞ্চার করার ক্ষমতা কারও নেই। গতকাল বৃহস্পতিবার নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।সুরঞ্জিত বলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্ম হয়েছিল সাময়িক সময়ের জন্য। সাংবিধানিকভাবে এখন আর এই ব্যবস্থার কোনো অস্তিত্ব নেই। ব্যবস্থাটি এখন মৃত। সরকার ও বিরোধী দল—উভয়কেই সাংবিধানিক এই বিধান মানতে হবে। এই বিধান অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।বিরোধী দলের উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘তাদের আমরা বারবার সংসদে আহ্বান জানিয়েছি, কমিটিতে বসতে বলেছি। কিন্তু তারা কোনো প্রস্তাব দেয়নি, যে কারণে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে বাহাত্তরের সংবিধানে ফিরে গেছি।’সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, কীভাবে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হবে, কী তাঁদের ক্ষমতা থাকবে, কীভাবে তাঁদের নিরপেক্ষতা নির্ধারণ করা হবে, তা নিয়ে আলোচনা হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কী হবে, সে সম্পর্কেও একটা ঐকমত্য হতে পারে। এ বিষয়ে তারা নির্বাচন কমিশনের সঙ্গেও আলোচনা করতে পারে।