তত্ত্বাবধায়ক সরকার এখনো ‘তাজা’: বি. চৌধুরী
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এখনো ‘তাজা’ আছে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘প্রথমে আদালতের রায়ে দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের কথা উল্লেখ ছিল। পরে তা অস্পষ্ট হয়ে যায়। কিন্তু বলা হলো, কোনো সাবেক বিচারপতিকে রাখা যাবে না। এটা কেন? এর অর্থ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এখনো তাজা।’গতকাল বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) এ মন্তব্য করেন। ছাত্ররাজনীতি নিয়ে বিকল্প ছাত্রধারা এই আলোচনার আয়োজন করে।হলমার্ককে ‘অশুভ চক্র’ আখ্যা দিয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, চার হাজার কোটি টাকা গেল কোথায়? খোঁজ নিয়ে দেখেন, পাচার হয়ে গেছে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিকল্পধারার মহাসচিব এম এ মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।