তত্ত্বাবধায়ক সরকার কিছুতেই হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দুনিয়া উল্টে গেলেও’ তত্ত্বাবধায়ক সরকার হবে না। অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।গতকাল শনিবার বিকেলে রাজধানীর পল্লবীর ১২ নং বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা মহানগর ১৪ দল আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ কথা বলেন। ‘সারা দেশে জামায়াত-বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ও মানবতাবিরোধীদের সর্বোচ্চ বিচার দাবিতে’ এই সমাবেশের আয়োজন করা হয়। মোহাম্মদ নাসিম বলেন, ‘দুনিয়া উল্টে যেতে পারে তবু তত্ত্বাবধায়ক সরকার হবে না। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে।’দেশব্যাপী সহিংসতার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে তাদের (বিএনপি-জামায়াত) এমন মার দেওয়া হবে যে পাকিস্তানেও খুঁজে পাওয়া যাবে না। তবে ওদের মতো অস্ত্র দিয়ে নয়, এটা হবে রাজনৈতিক মার।’বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আজ যখন সমস্ত জাতি মানবতাবিরোধীদের বিচারে ঐক্যবদ্ধ, শাহবাগে যখন তরুণ প্রজন্ম জেগে উঠেছে তখন বিএনপি জামায়াতে ইসলামীর পক্ষ নিয়েছে।...বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের যে খোয়াব দেখছে তা কখনো পূরণ হবে না।নির্দলীয় সরকারের সুনির্দিষ্ট এজেন্ডা ছাড়া বিএনপি আলোচনায় আগ্রহী নয়, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের শুক্রবারের এই বক্তব্যের প্রেক্ষাপটে ১৪ দলের নেতারা এ কথা বললেন। বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ‘যেকোনো স্থানে যেকোনো বিষয়ে’ বিরোধী দলের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, এটা জঙ্গিবাদী ও সন্ত্রাসী দল। তাই আন্তর্জাতিক বিশ্বকে আহ্বান জানাব জামায়াতকে কোনো ধরনের সাহায্য না করার জন্য।’সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে বলেন, ‘খালেদা জিয়া যে আগুন সারা দেশে জ্বালিয়েছেন সেই আগুনের লেলিহান শিখায় আপনিও রক্ষা পাবেন না।’বিএনপি ও জামায়াতকে মুদ্রার এপিঠ-ওপিঠ আখ্যায়িত করে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি জানে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। এটা বুঝেই তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে চায়। কিন্তু যতই চেষ্টা করা হোক তা হবে না। পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনসহ জোটের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা।