চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কর্মী সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে আওয়ামী সরকার। শেখ হাসিনাকে রেখে তারা নির্বাচনের স্বপ্ন দেখছে। জনগণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন মেনে নেবে না।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। সমাবেশের প্রথম দিকে সভাপতি ও সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর পক্ষের কয়েকজন কর্মীর মধ্যে হাতাহাতি হয়েছে। পরে তা নেতাদের হস্তক্ষেপে মিটে যায়। এর পর মিরসরাই থেকে গতবারের নির্বাচনের প্রার্থী কামাল উদ্দিন বক্তব্য দিতে উঠলে বিশৃঙ্খলা দেখা দেয়। সমাবেশে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ঐক্যবদ্ধভাবে এই সরকার পতনের আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। এ জন্যই এই কর্মী সমাবেশ। উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সাংসদ মোস্তফা কামাল পাশা, বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় শ্রমিকনেতা এম নাজিম উদ্দিন, উত্তর জেলা বিএনপির সহসভাপতি মো. মহিউদ্দিন, সহসভাপতি এস এম ফজলুল হক, সহসভাপতি ইউনুছ চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক নুরুল আমিন প্রমুখ বক্তব্য দেন।