বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার সংসদে সংবিধান সংশোধনসংক্রান্ত কোনো বিল পাস করলে এবং তাতে জনগণের মতামতের প্রতিফলন না ঘটলে তাঁরা তা মেনে নেবেন না।গতকাল শনিবার সকালে উত্তরাঞ্চলে যাওয়ার সময় সিরাজগঞ্জের হাটিকুমরুলের গোলচত্বরের একটি রেস্তোরাঁয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা জনগণ গ্রহণ করেছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না। তবে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে। মধ্যবর্তী নির্বাচন চাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। জনগণ কষ্ট পাচ্ছে। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে।এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান, জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।