তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশন যে স্বাধীন নয়, তা নারায়ণগঞ্জ নির্বাচনেই প্রমাণিত হয়েছে। এই নির্বাচনে সেনাবাহিনী না দিয়ে সরকার সংবিধান লঙ্ঘন করেছে। গতকাল শুক্রবার ৪ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে বেইলি রোডের বাসায় মতবিনিময় সভায় ড. কামাল এসব কথা বলেন।ড. কামাল বলেন, ‘দেশে অনেক সংকট আছে। কিন্তু তার পরও আমরা আশার আলো দেখতে পাই। নারায়ণগঞ্জ নির্বাচনে আইভীর জয় তেমনই একটি ঘটনা। আমি তরুণ হলে আইভীর কর্মী হিসেবে নাম লেখাতাম। প্রতিটি জেলা ও থানায় এমন আইভী আর তাঁর কর্মিবাহিনী গড়ে উঠুক। সুস্থধারার রাজনীতি ফিরে আসুক।’ড. কামাল বলেন, ভারতের নির্বাচন কমিশনের ওপর কেউ নেই। সেখানে নির্বাচন কমিশন যা বলে তা-ই হয়। এমনকি সোনিয়া গান্ধী ভোটার তালিকা নিয়ে নির্বাচন পেছানোর জন্য আদালত পর্যন্ত গেলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তই বহাল থেকেছে। কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন কতটা স্বাধীন, তা সর্বশেষ নারায়ণগঞ্জের নির্বাচনেই প্রমাণিত হয়েছে। সরকার ওই নির্বাচনে সেনাবাহিনী না দিয়ে সংবিধানের ১২৬ ধারা লঙ্ঘন করেছে। ড. কামাল বলেন, ‘সরকার সেনা না দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিকেই প্রতিষ্ঠিত করল। আদালতও পর পর দুবার এ ব্যবস্থা রাখার পক্ষে মত দিয়েছেন। আমার মনে হয়, এ ব্যবস্থার প্রয়োজন আছে।’ ড. কামাল বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে ২০০ বছরের জন্য ইজারা দিতে চেয়েছিল সরকার। কিন্তু আমরা এর বিরুদ্ধে আদালতে গিয়েছি। আদালত ওই ইজারা অসাংবিধানিক বলেছেন। তবে আদালত এখন আর নিষ্কলঙ্ক নন। দলীয়ভাবে বিচারক নিয়োগ করা হচ্ছে। এখন কোন বেঞ্চে গেলে কী সুবিধা হবে, সেটি চিন্তা করা হয়।’ মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মুহাম্মদ জাহাঙ্গীর, জ ই মামুন, মুন্নী সাহা ও অঞ্জন রায়। গণফোরামের নেতারা সভায় উপস্থিত ছিলেন।