তত্ত্বাবধায়ক সরকার জনগণের কাছে জ্যান্ত ইস্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের কাছে ডেড ইস্যু হলেও জনগণের কাছে এটা লাইভ (জ্যান্ত) ইস্যু।’বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় খায়রুল কবিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই মামলায় তাঁকে আদালত জামিন দিলে আরও দুটি মামলায় পুলিশ তাঁকে আটক দেখায়। সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘এক দফা শুরু হয়ে গেছে। রোডমার্চে যে স্বতঃস্ফূর্ত সমর্থন পাওয়া গেছে, তাতে বোঝা যায় আর বেশি সময় নেই। ইনশাআল্লাহ জুলুমবাজ এই সরকারের পতন হবেই হবে।’ তিনি বলেন, আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকার জন্ম দিয়েছিল, তারাই আবার একে হত্যা করেছে। কিন্তু আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমি ওবায়দুল কাদেরকে ধন্যবাদ দিতে চাই, কেননা তিনি বুঝতে পেরেছেন এই সরকার জনগণের ভাষা বুঝতে পারে না। তিনি উপলব্ধি করেছেন, অর্থমন্ত্রী অনর্থক বেশি কথা বলেন।’ মির্জা ফখরুল বলেন, ‘ডিজেলচালিত গাড়ি কালো ধোঁয়ার সৃষ্টি করে। ডিজেল আর সিএনজির দাম এক করা হলে আবার কালো ধোঁয়ায় ঢাকা শহর ছেয়ে যাবে, এই নির্বোধ সরকার তা-ও বোঝে না।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে দুর্নীতি হচ্ছে। লুটপাটের টাকা লন্ডন, আমেরিকায় যাচ্ছে। জনগণের সরকার ক্ষমতায় গেলে এসব লুটপাটের হিসাব নেওয়া হবে। দুর্নীতিবাজদের আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে।সমাবেশে আরও বক্তব্য দেন মির্জা আববাস, এম ওসমান ফারুক, আমান উল্লাহ আমান, নাজিম উদ্দিন, জয়নুল আবদিন ফারুক, রুহুল কুদ্দুস তালুকদার, আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।