তত্ত্বাবধায়ক সরকার না থাকলেও নির্বাচন বয়কট হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার না থাকলেও দেশে নির্বাচন বয়কটের মতো ঘটনা ঘটবে বলে তিনি মনে করেন না। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘এথিকস ক্লাব বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘আমি আগেও বলেছি কোনো আত্মমর্যাদাসম্পন্ন দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চলতে পারে না। তত্ত্বাবধায়ক সরকারের নামে একটা ফর্মুলা তৈরি করে আমরা সুপ্রিম কোর্ট ধ্বংস করেছি। আমার মনে হয় না, তত্ত্বাবধায়ক সরকার না থাকলে নির্বাচন বয়কটের মতো ঘটনা ঘটবে। আমার চেয়েও মেধাবী, মস্তিষ্কবান ও ধৈর্যসম্পন্ন ব্যক্তিরা আছেন। তাঁরা নিশ্চয়ই একটা উপায় বের করবেন।’ হাবিবুর রহমান বলেন, দেশের সরকারের প্রধান কাজ শান্তিশৃঙ্খলা বজায় রাখা। ২০১১ সালে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো যায়নি।গুণীজন সংবর্ধনা: দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রদের সংবর্ধনার আয়োজন করে এথিকস ক্লাব বাংলাদেশ। আদর্শ শিক্ষক হিসেবে সম্মাননা গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘১৯৪৭ সালে দেশ ভাগের পর অনেক আদর্শ শিক্ষক দেশ ছেড়ে চলে গেছেন, মুক্তিযুদ্ধের সময় আমরা অনেক শিক্ষককে হারিয়েছি। এর পরের অধ্যায়টি অনেকটাই স্থূল। বাণিজ্যের কারণে শিক্ষকেরা আদর্শচ্যুত হয়েছেন।’শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। ছাত্ররা আপনাদের মনে রাখবে।’সম্মাননাপ্রাপ্ত অন্য শিক্ষকেরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ইমেরিটাস আনিসুজ্জামান, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মামুন রশীদ চৌধুরী, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক সমরজিৎ রায় চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আনু মোহাম্মদ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী দীন মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন, স্পেন-প্রবাসী বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম, যুক্তরাজ্য-প্রবাসী চিকিৎসক জিয়াউদ্দীন আহমেদ প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন, এথিকস ক্লাব বাংলাদেশের প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান।