তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল শুনানি ২১ মার্চ পর্যন্ত মুলতবি
সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিসংক্রান্ত আপিলের ওপর শুনানি ২১ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি মুলতবি করেন। শুনানিতে আপিলকারীর আইনজীবী এম আই ফারুকী বলেন, ত্রয়োদশ সংশোধনীর দ্বারা নানা ধরনের জটিলতা তৈরি করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র নষ্ট করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা খাল কেটে কুমির আনার মতো অবস্থা। বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের কার্যক্রম নজরে আনা (জুডিশিয়াল নোট) উচিত। তিনি বলেন, সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী সকল ক্ষমতার মালিক জনগণ। সংবিধান অনুযায়ী জনগণের প্রতিনিধিরাই দেশ শাসন করবেন। হাইকোর্টের রায়ে বিচারপতিদের চরিত্রবান ও জ্ঞানী হিসেবে প্রশংসা করা হয়েছে। তাঁরা চরিত্রবান ও জ্ঞানী হতে পারেন, তবে জনগণের প্রতিনিধি নন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গণতন্ত্র ও দেশের প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য নয়। শুনানিকালে আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আপিলকারীর পক্ষে আরও উপস্থিত ছিলেন আইনজীবী নাজনীন নাহার ও মাহবুব-উল-ইসলাম।