তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা নয়: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে আলোচনা হতে পারে, তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয়।’গতকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে আলোচনা সভায় হানিফ এ মন্তব্য করেন।বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবির সমালোচনা করে হানিফ বলেন, ‘আসলে বিএনপি এবং এ দেশের সুশীল সমাজ কী চায়, তা আমাদের কাছে পরিষ্কার নয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাদের নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তাই সেদিকে কারও কোনো আগ্রহ নেই।’হেফাজতে ইসলামের ১৩ দফাকে মধ্যযুগীয় আখ্যায়িত করে সংগঠনটির উদ্দেশে জনাব হানিফ বলেন, ‘ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না। ধর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকুন।’ সাংসদ তারানা হালিমের সভাপতিত্বে স্মরণসভার শুরুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, ইনামুল হক প্রমুখ।