বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এম কে আনোয়ার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে আলোচনায় বসতে সরকারকে আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার বিকেলে সিলেট কোর্ট পয়েন্টে ১৮ দলীয় জোটের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া প্রসঙ্গে এম কে আনোয়ার বলেন, বর্তমান সরকার ইলিয়াস আলীসহ একের পর এক বিরোধী দলের নেতা-কর্মীদের গুম ও হত্যা করছে। আওয়ামী লীগ ক্ষমতার মসনদে বসেই দুর্নীতি শুরু করে। বিভিন্ন পন্থায় টেন্ডারবাজি করে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে এসব দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ১৮ দলীয় জোটের সিলেট মহানগরের আহ্বায়ক ও নগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী। সমাবেশে সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমির হাবীবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী, আবুল কাহের শামীম প্রমুখ বক্তব্য দেন।