তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলের মত বিবেচনা করবে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দল আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিকভাবে কোনো মত দিলে কমিটি এখনো তা বিবেচনায় নেবে। তবে তাদের মত না পেলে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি না, তা সংসদই চূড়ান্ত করবে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সুরঞ্জিত বলেন, আদালতের রায়ের আগে পর্যন্ত প্রধানমন্ত্রীসহ বিশেষ কমিটির অবস্থান তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষে ছিল। ওই পদ্ধতির জন্য মডেল খোঁজা হচ্ছিল। প্রধানমন্ত্রী গত ২৭ এপ্রিল তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়েছেন। কিন্তু আপিল বিভাগ ১০ মে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ ঘোষণা করেন। বিচারপতিদের সম্পৃক্ত না করার কথাও বলা হয়। ওই রায়ের পর বিরোধী দল বিকল্প কোনো কিছু না বলে, দায়িত্বশীল ভূমিকা পালন না করে রায়কে প্রত্যাখ্যান করে। এভাবে তারা দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আদালতের রায় মানতেই হবে। এটা কোনো ট্রেড ইউনিয়ন নয়। বিরোধী দল রায় মানে না, নির্বাচন কমিশন মানে না, প্রধান বিচারপতি মানে না। তাহলে কাকে মানে? তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যতটা না সাংবিধানিক, তার চেয়ে বেশি রাজনৈতিক। তাই এই ব্যবস্থা বহাল রাখতে হলে প্রয়োজন পারস্পরিক সমঝোতা, সহিষ্ণুতা। প্রয়োজন আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমঝোতার সূচনা করা। সুরঞ্জিত আরও বলেন, ‘বিশেষ কমিটি বিরোধী দলের কাছ থেকে গ্রহণযোগ্য একটি প্রস্তাব পাবে বলে আশা করেছিল। কিন্তু তারা মত দেয়নি, কমিটিতে আসেনি, সংসদেও আসেনি। এ অবস্থায় কমিটি মনে করে, তত্ত্বাবধায়ক সরকারের যে মডেলই দেওয়া হোক, বিএনপি তা মানবে না।’বিরোধী দলের উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘রায়ের পরে তত্ত্বাবধায়ক সরকার নেই। তবে তারা যদি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে চায়, তা ভেবে দেখব আমরা। যদি না দেয়, তাহলে বিলম্ব করতে চাই না। দ্রুত সংসদে প্রতিবেদন দিয়ে দেব। কমিটিকে যদি তাদের পছন্দ না হয়, সংসদে গিয়েও এ বিষয়ে তারা নিজেদের মত তুলে ধরতে পারে।’