বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভয়ঙ্কর খেলা শুরু করেছে সরকার। এ খেলা থেকে সরে আসার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতায় এ আহ্বান জানান মির্জা ফখরুল।নির্যাতনবিরোধী দিবস, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মিথ্যা মামলা ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশ করে বিএনপি। সারা দেশেও একই কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার। কিন্তু সরকার এ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের এ খেলার পরিণতি হবে ভয়াবহ। তিনি বলেন, ‘এখনো সময় আছে, এই ভয়াবহ খেলা থেকে সরে আসুন।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সরকার নিজেই আদালত অবমাননা করেছে। কেননা, রায়ে আরও দুই মেয়াদে এই ব্যবস্থা বহাল রাখার কথা বলা হয়েছে। তা ছাড়া এখনো আদালতের পূর্ণাঙ্গ রায়ই প্রকাশ পায়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সরকার সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন করছে। তারেক-কোকোর ওপর নির্যাতনের মাধ্যমে সরকার খালেদা জিয়ার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সরকারের এই প্রচেষ্টা সফল হবে না।গতকালের সমাবেশে ঢাকা মহানগর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকেই বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। তাঁরা ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। এতে তারেক ও কোকোর মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ট্রাকের ওপর মঞ্চ করে সমাবেশ করা হয়। সড়ক আটকে নেতা-কর্মীরা অবস্থান নেওয়ায় এ সময় সেখানে মারাত্মক যানজটের সৃষ্টি হয়।ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান ও শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।