প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিরোধী দলের দাবি অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের কোনো সুযোগ নেই। কারণ, সংবিধানের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সাংঘর্ষিক। গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নতুন জজকোর্ট প্রাঙ্গণে মুখ্য বিচারিক হাকিমের আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট ত্রয়োদশ সংশোধনী বাতিল করায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও বাতিল হয়ে গেছে। তাই বিরোধী দলের কাছে কোনো ফর্মুলা থাকলে সংসদে তা উপস্থাপন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। জেলা ও দায়রা জজ ইসরাইল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ নাসিম ওসমান, সারাহ্ বেগম কবরী, গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও সানজিদা খানম।