তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বলেছে, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক যে রায় দিয়েছিলেন, তা অবৈধ।

আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ দাবি জানান। এ সময় সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, গতকাল এক বাণীতে প্রধান বিচারপতি বলেছেন, অবসরে যাওয়ার পর বিচারপতিদের রায় লেখা বেআইনি ও সংবিধান পরিপন্থী। সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক অবসরে যাওয়ার ১৬ মাস পর ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় লিখেছিলেন। এ জন্য ওই রায়ও বেআইনি ও সংবিধান পরিপন্থী। কিন্তু ওই রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল। এ জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতি এ কথাটি বলেছেন বর্তমান প্রেক্ষাপটে। কোনো কোনো বিচারপতি রায় না লিখে ঝুলিয়ে রাখছেন, এই প্রসঙ্গে। এই কথাটিকে তাঁরা (আইনজীবী সমিতি) লুফে নিয়ে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, একজন বিচারপতি যখন রায় দেন, তখন তাঁর শপথ থাকে। পরে যখন তিনি অবসরে যান, অবসরে যাওয়ার পর হয়তো পূর্ণাঙ্গ রায় লেখেন। তাই অবসরের পর রায় লেখা বেআইনি নয়। রায় কখন ঘোষণা করছেন, সেটিই বড় বিষয়।