তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি নির্যাতনের বিচার এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতসমর্থিত সাদা দলের শিক্ষকেরা। গতকাল শনিবার অপরাজেয় বাংলার সামনে এ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন বলেন, ‘হরতালের সমর্থনে বের করা মিছিলে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুককে পুলিশ যেভাবে পিটিয়েছে তা বর্বরোচিত। তিনি ওই ঘটনায় জড়িত পুলিশসদস্যদের বিচারের দাবি জানান।তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে অধ্যাপক সদরুল বলেন, দেশের জনগণ সরকারকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত করেছে। গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য নির্বাচিত করেনি। আদালতের রায় মেনে কমপক্ষে দুবার গণতান্ত্রিক উপায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম ফায়েজ, সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, আবুল হাসনাত, ওবায়দুল ইসলাম, আখতার হোসেন খানসহ সাদা দলের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।