তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে ব্রিটেন কোনো পরামর্শ দেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকবে কী থাকবে না, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে ব্রিটেন কোনো পরামর্শ দেবে না। তবে সবার অংশগ্রহণে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হোক ব্রিটেন সেটাই চায়। গতকাল সোমবার বাংলাদেশ-ব্রিটেন সম্পর্কের ৪০ বছর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইতিহাস বিভাগ আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে স্টিফেন ইভান্স এ কথা বলেন।ব্রিটিশ হাইকমিশনার বলেন, ব্রিটেন সারা বিশ্বে গণতন্ত্র ও সুশাসন দেখতে চায়। কারণ, গণতন্ত্রকেই দেশটি সর্বোত্তম ব্যবস্থা মনে করে। তবে ব্রিটেন কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না।২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকায় বিদেশি কূটনীতিকদের ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীরা জানতে চাইলে স্টিফেন ইভান্স বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ব্রিটেন বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। কারণ, দেশটির পররাষ্ট্রনীতিতে অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নীতি নেই। তিনি বলেন, ‘তবে আমরা সে সময় বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য সহায়তা করেছি। এরই ধারাবাহিকতায় ছবিসহ ভোটার তালিকা করার জন্য সে সময় নির্বাচন কমিশনকে আর্থিক সহায়তা করেছিলাম। সেই ভোটার তালিকা ব্যবহার করে ২০০৮ সালের ডিসেম্বরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল।’ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক দিনের। বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য যাওয়া সত্যিকার ছাত্রদের স্বাগত জানায় ব্রিটেন। তিনি শিক্ষার্থীদের ইংরেজিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান।ব্রিটেনের উচ্চ টিউশন ফি সম্পর্কে হাইকমিশনার বলেন, ‘এটা ঠিক যে ব্রিটেনে শিক্ষার খরচ অনেক বেশি। আমাদের দেশেও এটা নিয়ে বিতর্ক আছে। তবে ব্রিটেনে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ পায়। এটা তাদের সহায়তা করে।’ প্রশ্নোত্তর পর্বের আগে ব্রিটিশ হাইকমিশনার তাঁর মূল বক্তব্যে বলেন, এ উপমহাদেশ ও বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ১৯২১ সালে যখন এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তখন উপমহাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছিল। এ বিশ্ববিদ্যালয় এ দেশের রাজনৈতিক সত্তাকে প্রতিষ্ঠিত করেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এখানকার শিক্ষার্থীদের শান্তি, গণতন্ত্র, আইনের শাসন, মানবতা ও বিশ্ব-ভ্রাতৃত্ব শেখানো হয়। প্রতিষ্ঠা হওয়ার পর জাতির সব গুরুত্বপূর্ণ সময়ে অবদান রেখেছে এই বিশ্ববিদ্যালয়। উপাচার্য বলেন, ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক দৃঢ়। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ইতিহাস বিভাগের চেয়ারম্যান শিরিন হাসান ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে একই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ ও কলা অনুষদের ডিন সদরুল আমিন।