তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলে নির্বাচনে যাবে না বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বর্তমান সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হলে তাতে অংশ নেবে না বিএনপি-জামায়াত। এই ব্যবস্থা বাতিলের যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে। ঢাকা মহানগর নাট্যমঞ্চে গতকাল সোমবার রাজবন্দীদের মুক্তির দাবিতে বিএনপির আয়োজিত সমাবেশে দলের নেতারা এসব কথা বলেন। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত শনিবার বিএনপির দেশব্যাপী বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে দলটি এ কর্মসূচি পালন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে নিজেদের অধীনে নির্বাচন দেওয়ার ষড়যন্ত্র করছে। বর্তমান সরকার বিগত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ নেবে না। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার মামলা দিয়ে বিরোধী দলকে হয়রানি করছে। তিনি বলেন, ‘বিশ্বকাপের কারণে বিএনপি এখন ইনডোর গেম খেলছে। বিশ্বকাপের পর এই খেলা আউটডোরে ছড়িয়ে পড়বে।’ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, এই সরকার গণমাধ্যমের ওপর সবচেয়ে বেশি হস্তক্ষেপ করছে।