তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নেবে না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখতে প্রয়োজনে লাগাতার কঠোর কর্মসূচি দেওয়া হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এর আয়োজন করে। এ কর্মসূচি দেশজুড়েই পালন করেছে দলটি। মির্জা ফখরুল বলেন, ‘এত দিন ধরে আমরা যে সন্দেহ-শঙ্কা প্রকাশ করেছি, তা এখন সত্য হতে চলেছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।’ আগামী নির্বাচন তত্ত্বাবধায়কব্যবস্থার অধীনেই হতে হবে দাবি করে বিএনপির এই নেতা বলেন, এ জন্য প্রয়োজনে লাগাতার কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে দলের জ্যেষ্ঠ নেতা এম কে আনোয়ার বলেন, এটি লুটপাটবান্ধব বাজেট। জন, শিল্প ও বিনিয়োগবান্ধব নয়। ইউরিয়া, পটাশসহ অন্যান্য কৃষি উপকরণের দাম বিএনপির আমলের তুলনায় দ্বিগুণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, হাফিজউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।