তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরবে আওয়ামী লীগ। প্রচারপত্র, পুস্তিকা, লিফলেট, সংবাদ সম্মেলন, গণমাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সামনে ওই অনির্বাচিত সরকার পদ্ধতি বাতিলের কারণ ব্যাখ্যা এবং একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে জনমত সৃষ্টির চেষ্টা চালাবে দলটি। এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা নিয়ে কোনো ফর্মুলা বিএনপি জাতীয় সংসদে এসে উত্থাপন করলে তা বিবেচনা করা হবে।গতকাল সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক্ররাত ১১টায় শেষ হয়।বৈঠকে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে বিএনপিসহ বিরোধী দল একতরফা নেতিবাচক যে প্রচার চালাচ্ছে, তার জবাব দেওয়ার জন্য দলের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশ দেন। বৈঠকে ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাকসুর ভিপি এনামুল হক শামীমকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।বৈঠকে সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, ইউসুফ হোসেন হুমায়ুন, সাহারা খাতুন, রাজিউদ্দিন আহমেদ, মহীউদ্দীন খান আলমগীর, কাজী জাফরউল্লাহ, সতীশ চন্দ্র রায়, ওবায়দুল কাদের, নবনিযুক্ত সদস্য আখতারুজ্জামান চৌধুরী এবং বিশেষ আমন্ত্রণে মাহবুব উল আলম হানিফ ও দাপ্তরিক কাজের জন্য আব্দুল মান্নান খান অংশ নেন।সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় আর ফিরে যাওয়া সম্ভব নয়। আদালতের রায়ের পর জাতীয় সংসদে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা বাতিল হয়েছে। আদালতের রায়ে উল্লেখ ছিল, জাতীয় সংসদ প্রয়োজন মনে করলে আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কিন্তু জাতীয় সংসদ তা মনে করেনি। দলীয়ভাবে নয়, জাতীয় সংসদে আলোচনার পর সর্বসম্মতিক্রমে সংবিধান সংশোধনী বিল পাসের মাধ্যমে ওই ব্যবস্থা বাতিল করা হয়েছে। তাই বিকল্প কোনো ফর্মুলা জাতীয় সংসদে এসে বিরোধী দল উত্থাপন করলে তা বিবেচনা করা যেতে পারে বলে বৈঠকে মত প্রকাশ করা হয়।প্রেস ব্রিফিং: বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখার কোনো সুযোগ নেই। আদালত তত্ত্বাবধায়ক সরকার অবৈধ বলে রায় দিয়েছেন। দুই মেয়াদে তত্ত্বাবধায়ক রাখার ব্যাপারে আদালত যে নির্দেশনা দিয়েছিলেন, সেটিও সংসদে আলাপ-আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে বাতিল হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থা চাইলে এ ব্যাপারে বিএনপিকে ফর্মুলা নিয়ে সংসদে আসতে হবে। সংসদে আলোচনার ভিত্তিতে সঠিক পদ্ধতি নির্ধারিত হতে পারে।হানিফ অভিযোগ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। ভুল ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত না করে সংসদে এসে দায়িত্বশীল আচরণ করার জন্য তিনি খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থে যেকোনো বিষয় নিয়ে সংসদে আলোচনা করুন।্র তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে জনগণ সাড়া দিয়েছে। দ্রুত ফল পাওয়া যাচ্ছে। অকারণে জনপ্রিয় এই পদ্ধতির বিরোধিতা করে জাতিকে বিভ্রান্ত করবেন না।সভায় দেড় মাসব্যাপী আওয়ামী লীগের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে, সকাল সাতটায় দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ২২ ফেব্রুয়ারি বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবসে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত শোভাযাত্রার কর্মসূচি পালন করা হবে। শিখা চিরন্তনে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।