সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকবে। বিশেষ সংসদীয় কমিটিও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সুপারিশ করবে না। তবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে কমিটিতে আলোচনার সুযোগ আছে। কারণ, এটি মিডনাইট ল। ১১ দিনের একটি বিতর্কিত সংসদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আইন পাস হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিশেষ কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। তিনি বলেন, ‘যে সংসদে আইনটি (তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা) পাস হয়েছে, সেখানে আমরা ছিলাম না। বিএনপি এককভাবে আইনটি পাস করেছে। তাই এখন আইনটি পুঙ্খানুপঙ্খভাবে বিশ্লেষণ করার সময় এসেছে।’সভার বিষয় তুলে ধরে সুরঞ্জিত জানান, বিশেষ কমিটির সভায় রাষ্ট্রপতির মেয়াদ, প্রধানমন্ত্রীর ক্ষমতা, মৌলিক অধিকার, স্থানীয় সরকার ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। তবে কমিটি আলোচনার বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এ নিয়ে কথা বললে অহেতুক বিতর্ক সৃষ্টি হতে পারে।