তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পক্ষে মত টি এইচ খানের
দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে—দেশের মানুষ কখনো তা বিশ্বাস করে না। দলীয় ক্ষমতার প্রভাবে প্রশাসনের নিরপেক্ষতা ও নির্বাচন পদ্ধতি যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্যই দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান এই অভিমত দেন। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে গতকাল পঞ্চম দিনের মতো শুনানি হয়। ২৮ মার্চ পরবর্তী শুনানি হবে। শুনানিতে টি এইচ খান বলেন, আওয়ামী লীগ কখনো কি বিএনপি সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে? তিনি বলেন, পদ্ধতি নিয়ে নয়, প্রশ্ন উঠেছিল তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা নিয়ে। তিনি বলেন, ‘কোন দেশে কোন বিধান আছে, সেটা আমাদের দেখার বিষয় নয়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখতে হবে। গণতন্ত্রের বাহন, শক্তি বা জ্বালানি হলো নির্বাচন। আর একটি অবাধ, সুষ্ঠু, স্বাধীন ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রবর্তন করা হয়েছে।’এর আগে শুনানিতে অংশ নিয়ে অ্যামিকাস কিউরি ড. কামাল হোসেনও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সমর্থন করে অভিমত দেন। গতকাল টি এইচ খান বলেন, ‘১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের কথা আমাদের এখনো মনে আছে। ওই নির্বাচনে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়, তা এখনো বিরাজ করছে। আমরা দেশে গণতন্ত্র চাই। তবে সোমালিয়া বা আইভরি কোস্টের মতো হোক, তা চাই না। আমরা সভ্য দেশের মতো গণতন্ত্র চাই।’ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংবলিত ৫৮ অনুচ্ছেদ তুলে ধরে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত বিধান থাকার কারণে সংবিধান নাপাক হয়ে গেছে। তাহলে জরুরি অবস্থা জারিসংক্রান্ত ১৪১ অনুচ্ছেদ সম্পর্কে তারা কী বলবেন? ওই সময় তো নাগরিকদের কোনো ধরনের মৌলিক অধিকার থাকে না। একপর্যায়ে টি এইচ খান বলেন, সামরিক শাসন গণতন্ত্রের জন্য সুনামি। সামরিক শাসন এলে গণতন্ত্র পালায়।