তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রশ্নে আপিলের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাতজন বিচারপতির বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। আর হাইকোর্টের রায় ঘোষণার দীর্ঘ সাত বছর পর আপিলের ওপর শুনানি শুরু হলো।আদালত থেকে বেরিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ত্রয়োদশ সংশোধনী-সংক্রান্ত আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। সোমবার শুনানির দিন ধার্য করা হয়েছে।শুনানিকালে আদালতে আপিল আবেদনকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী উপস্থিত ছিলেন।সূত্র জানায়, আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, কামাল হোসেন, রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, এম জহির, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি ও ফিদা এম কামাল রয়েছেন।১৯৯০ সালে গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। ষষ্ঠ সংসদে গৃহীত ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট ২০০৪ সালের ২৪ আগস্ট দেওয়া রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বৈধ ঘোষণা করেন। রায়ে বলা হয়, ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী সংবিধানসম্মত। তবে এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করা হয়। তবে এম সলিমউল্লাহ মারা যাওয়ায় আবেদনটি বর্তমানে মো. আবদুল মান্নান খান বনাম বাংলাদেশ সরকার শিরোনামে কার্যতালিকায় রয়েছে।