তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে ত্রুটিমুক্ত করতে প্রচলিত ব্যবস্থার কিছু সংশোধন প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।জনতার প্রত্যাশা নামের একটি সংগঠন ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রতিহিংসার রাজনীতি পরিহার’ শীর্ষক ওই সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাজ হলো সংবিধানে উল্লিখিত সময়সীমার মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা এবং পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে তাদের আর কিছু করার অনুমোদন নেই। কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকার অনেক কিছুই করেছে। তাই এ ব্যবস্থার সংশোধন করা প্রয়োজন। আর এখনই তা করার উপযুক্ত সময়।প্রধান উপদেষ্টা বানাতে এ বি এম খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে—বিএনপির এমন সমালোচনার জবাবে দলটির উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ব্যক্তি কোনো বিষয় নয়। আপনারা বিচারপতি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য বিচারপতিদের বয়স ৬৫ থেকে ৬৭ বছর করেছিলেন, সে কথা কি মনে নেই? কাচের ঘরে ঢিল ছোড়ার আগে নিজেরা ভেবে দেখুন।’ওবায়দুল কাদের বিরোধী দলকে গণতন্ত্রের স্বার্থে সংসদে ফিরে আসার আহ্বান জানান। আফগানিস্তানে সেনা পাঠানো প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মিত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে। তবে তা ঠান্ডা মাথায় জাতীয় নিরাপত্তার স্বার্থে ভেবে দেখতে হবে।জনতার প্রত্যাশার আহ্বায়ক এম এ করিমের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ওলামা লীগের সভাপতি ইলিয়াছ বিন হেলালি প্রমুখ আলোচনায় অংশ নেন।