তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সুযোগ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সুযোগ আর নেই। তাই বিএনপিকে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেটে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ যুব মৈত্রীর সিলেট জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। যুব মৈত্রী সিলেট জেলা শাখার সভাপতি সিরাজ আহমদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য সিকান্দর আলী, জেলা সম্পাদক আবুল হোসেন, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি কিশোর রায়, সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর প্রমুখ।বক্তৃতায় রাশেদ খান মেনন বলেন, ‘মহাজোটের বিজয়ের পর অনেক স্বপ্ন পূরণের প্রত্যাশা করেছিলাম দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখনো সেই আশা পূরণ হয়নি।’ মেনন আরও বলেন, ‘বাংলাদেশে সাড়ে তিন বছরের রাজনৈতিক ঐক্যের কোনো কার্যকারিতা নেই। কথা বললে বলা হয়, মন্ত্রী হয়ে যাও। রাজনীতি ও মানুষ রক্ষা করার জন্য আমি মন্ত্রী হইনি। কৃষক শ্রমিকদের অনেক দাবি পূরণ হলেও এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে।’সম্মেলন শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বর্তমান সময়কে সংকটকাল অভিহিত করেন রাশেদ খান মেনন। এই সংকট উত্তরণে মন্ত্রিসভায় যোগ দিয়ে সরকারকে কেন সহযোগিতা করলেন না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্ত্রিসভায় যোগ দেওয়া সংকট উত্তরণের অনেকগুলো পথের একটি। মূলত রাজনৈতিক প্রক্রিয়ায়ই সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে হবে।’ মন্ত্রিসভায় যোগ না দেওয়ায় মহাজোটে কোনো সংকট তৈরি হবে না বলে মন্তব্য করেন মেনন।