বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী সাংসদ মোশাররফ হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের পূর্ব কাটাছরা গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন এ কথা বলেন।দুর্গাপুর ফয়েজিয়া হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অলি উদ্দিন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী, উপজেলার কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আনোয়ার, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, সমাজকর্মী নজরুল ইসলাম প্রমুখ।বিগত চারদলীয় জোট সরকারের সমালোচনা করে মোশাররফ হোসেন বলেন, বিগত সরকার মানুষকে শুধু খাম্বা উপহার দিয়েছে। তারা এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে সক্ষম হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করছে। শিগগিরই বাংলাদেশে বিদ্যুতের সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।