তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানে ক্ষমতাসীনদের বাধ্য করা হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।গতকাল শনিবার বিকেলে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপি এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। একই ধরনের কর্মসূচি বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক দলগুলোও পালন করেছে।সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, একদিকে বিএনপির নেতা-কর্মীদের অন্যায়ভাবে জেলে ঢোকানো হচ্ছে, অন্যদিকে কুখ্যাত চিহ্নিত খুনিদের সাজা মওকুফ করছেন রাষ্ট্রপতি। সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে নির্মমভাবে হত্যা করার পরও সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। পুলিশ প্রশাসনকে শুধু ব্যবহার করা হচ্ছে বিরোধী দলকে দমন করার জন্য। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মির্জা ফখরুলের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজারে এসে শেষ হয়। বিএনপির কর্মসূচির কারণে নয়াপল্টন, কাকরাইল মোড়, ফকিরেরপুল মোড় পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে এ এলাকায় দেখা দেয় তীব্র যানজট।পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ: কর্মসূচির শেষে পুলিশকে লক্ষ্য করে কে বা কারা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মোশাররফ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজারে মিছিলটি আসার পর এর সমাপ্তি ঘোষণা করেন মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। এর পরই আদ্ দ্বীন হাসপাতালের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। তবে এ ঘটনার পর পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিপেটা না করায় পরিস্থিতি দ্রুত শান্ত হয়ে যায়।