তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুক্তরাজ্যপ্রবাসী সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তারেক রহমান গত সোমবার লন্ডনে একটি দলীয় সভায় বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম তিনি প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য দিলেন। সেনা-সমর্থিত সরকারের সময় গ্রেপ্তার এবং কারাভোগের পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এ সময় তিনি অন্তত কয়েক বছর রাজনীতি করবেন না, এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন খালেদা জিয়া। সোমবার তারেক রহমানের উপস্থিতির কথা জানতে পেরে দলীয় কর্মী-সমর্থকদের অতিরিক্ত ভিড় জমে গেলে উদ্যোক্তাদের শেষ পর্যন্ত সভার স্থান পরিবর্তন করতে হয়। ওই সভা সম্পর্কে যুক্তরাজ্য বিএনপির নেতা ফরিদ উদ্দিন বিবিসিকে জানান, তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনায় ওই সভার আয়োজন করা হয়েছিল। সভায় তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাজ্য বিএনপির নতুন একটি কমিটি গঠনেরও আহ্বান জানান। ফরিদ উদ্দিন জানান, তারেক রহমান বর্তমান সরকারকে মানবতাবিরোধী, গণতন্ত্রবিরোধী, একনায়ক ও ফ্যাসিস্ট উল্লেখ করে এর বিরুদ্ধে দেশবাসী ও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আগামী সাধারণ নির্বাচন যাতে নির্দলীয়, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, এ জন্য জোর দাবি জানিয়েছেন তিনি। তিনি (তারেক) কি আগামী নির্বাচনে অংশ নিতে পারেন বা দেশে ফিরতে পারেন—এমন কোনো ইঙ্গিত কি দিয়েছেন? বিবিসির এমন প্রশ্নের জবাবে ফরিদ উদ্দিন বলেন, ‘না, এ রকম সুস্পষ্ট কোনো কথাবার্তা হয়নি। তবে আমরা মনে করি, তাঁর বাংলাদেশে ফিরে যাওয়া উচিত এবং বাংলাদেশের রাজনীতির হাল ধরা উচিত।’ বিবিসি বাংলা।