তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত আরও দুই আইনজীবীর
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পক্ষে মত দিয়েছেন আরও দুই অ্যামিকাস কিউরি। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিষয়ে আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে প্রবীণ আইনজীবী এম আমীর-উল ইসলাম ও মাহমুদুল ইসলাম তাঁদের অভিমত তুলে ধরেন। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে সপ্তম দিনের মতো শুনানি হয়। পরবর্তী শুনানি রোববার। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা হাইকোর্টে রিট করলে ২০০৪ সালের ৪ আগস্ট আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বৈধ ঘোষণা করে রায় দেন। তবে এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতিও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করা হয়। গত ১ মার্চ থেকে আপিল বিভাগে আপিলের ওপর শুনানি শুরু হয়। আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, ড. কামাল হোসেন, মাহমুদুল ইসলাম, রফিক-উল হক, এম জহির, এম আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি ও ফিদা এম কামাল রয়েছেন। এর আগে টি এইচ খান ও কামাল হোসেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পক্ষে মত দেন। আর রফিক-উল হক ও এম জহির তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংস্কারের পক্ষে মত দেন। গতকাল শুনানিতে মাহমুদুল ইসলাম বলেন, গণতন্ত্রের শুরুতে জনগণ সরাসরি শাসনব্যবস্থায় যুক্ত থাকত। বর্তমানে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের শাসন হচ্ছে গণতন্ত্র। আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমাদের অতীত অভিজ্ঞতা তিক্ত। ১৯৯৬ সালে মাগুরার উপনির্বাচনের কারণে দেশে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি আসে। ওই নির্বাচনের সঙ্গে ১৯৭৭ সালের পাকিস্তানের নির্বাচনের প্রসঙ্গে টেনে মাহমুদুল ইসলাম বলেন, ‘পাকিস্তানের ওই নির্বাচনে জুলফিকার আলী ভুট্টো জয়ী হন। কিন্তু নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। সেই পরিস্থিতিতে সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করেন জিয়াউল হক। আমরা পাকিস্তানের মতো সামরিক শাসন না পেয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পেয়েছি।’মাহমুদুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি আবশ্যক। এ পদ্ধতির বিকল্প অন্য কিছু দেখছি না। এর অধীনে কেবল অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। আজ এ পদ্ধতি বাতিল করলে, কাল দেশে সামরিক শাসন আসবে মন্তব্য করে তিনি বলেন, অপপ্রয়োগের কারণে কোনো আইন বাতিল হতে পারে না। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে মাহমুদুল ইসলাম বলেন, ‘আমরা ১৯৭১ সাল থেকে এই চেষ্টা করে আসছি। নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অর্থ বরাদ্দ, প্রয়োজনীয় সরঞ্জামসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা দেয় সরকার। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা বলা সহজ, করা কঠিন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে রাজনৈতিক ন্যায়বিচার উল্লেখ করে এর আগে শুনানিতে এম আমীর-উল ইসলাম বলেন, আমাদের সংবিধানের মূল চেতনা গণতন্ত্রের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। ফলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য করা এই ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক নয়। নিরপেক্ষ নির্বাচনের জন্যই বিশেষ করে মাগুরার নির্বাচনের পর এই পদ্ধতি আনা হয়েছিল। এ পদ্ধতি এসেছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও জনগণের প্রয়োজনে। এ ব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। এর সঙ্গে বিচার বিভাগকে সম্পৃক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। সংসদ চাইলে বিকল্প ব্যবস্থাও করতে পারে বলেও মত দেন তিনি।