তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা বললেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রয়োজনীয়তার কথা জাতিসংঘের প্রতিনিধিদের কাছে তুলে ধরেছেন।গতকাল শনিবার সন্ধ্যায় জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে বৈঠক করে।সন্ধ্যা পৌনে ছয়টা থেকে প্রায় সোয়া ঘণ্টার এ বৈঠকের ব্যাপারে দুই পক্ষের কেউই গণমাধ্যমের কাছে কিছু বলেননি।বৈঠকে উপস্থিত বিএনপির এক নেতা প্রথম আলোকে বলেন, প্রতিনিধিদল আগামী জাতীয় সংসদ কীভাবে শান্তিপূর্ণভাবে করা যায়, এ ব্যাপারে আলোচনা করেছে। খালেদা জিয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা ও দলীয় সরকারের অধীনে কেন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা তুলে ধরেন। এ ক্ষেত্রে তিনি উচ্চ আদালতের পর্যবেক্ষণও তুলে ধরেন।এ সময় প্রতিনিধিদলের অপর দুই সদস্য জাতিসংঘের রাজনীতিবিষয়ক বিভাগের পরিচালক ইতোকি ডেন ও ক্রেগ জেনসেন ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।এর আগে গতকাল দুপুরে সোনারগাঁও হোটেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে জাতিসংঘের প্রতিনিধিদল। এর মধ্যে ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিজের পরিচালক রিজওয়ান খায়ের, আইনজীবী শাহ্দীন মালিক প্রমুখ।পরে বৈঠক সম্পর্কে জানতে চাইলে ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, আগামী নির্বাচন যাতে সবার কাছে গ্রহণযোগ্য ও এতে সবার অংশগ্রহণ নিশ্চিত হয়, সেটাও নাগরিক সমাজের চাওয়া। সে জায়গা থেকে প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে আলোচনা করে সংকট সমাধানের বিষয়কে নাগরিক সমাজ গুরুত্ব দিয়েছে।জাতিসংঘের প্রতিনিধিদলটি এর আগে শুক্রবার নির্বাচন কমিশন, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করে। আজ রোববার তারা আওয়ামী লীগের সঙ্গে বসবে। তারা আজই ফিরে যাবে। তারা জাতিসংঘের মহাসচিবের কাছে একটি প্রতিবেদন দেবে বলে জানা গেছে।