মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কী হবে, সেটা রাজনৈতিক দলগুলোকে মতৈক্যের ভিত্তিতে ঠিক করতে হবে।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় মরিয়ার্টি এ মন্তব্য করেন। ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে সাংবাদিকদের এই মতবিনিময় সভার আয়োজন করে। মরিয়ার্টি ঢাকায় তাঁর তিন বছরের কাজের অভিজ্ঞতার প্রেক্ষাপটে বিভিন্ন বিষয়ে নিজের ও তাঁর সরকারের অবস্থান সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ডিকাবের সভাপতি রাহীদ এজাজের সঞ্চালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বশির আহমাদ।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের পরস্পরবিরোধী অবস্থানের কারণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আছে কি না—এ প্রশ্নের জবাবে জেমস এফ মরিয়ার্টি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিভিন্ন পদ্ধতি আছে। এমনকি তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও সুষ্ঠু নির্বাচন হতে পারে। এটি নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক দল ও জনগণ কতটা দূরদর্শিতার সঙ্গে একটি বিকল্প ব্যবস্থা তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারে। বাংলাদেশের জনগণের মতো মার্কিন সরকারও এটা চায়। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হলে নির্বাচন কমিশনকে ব্যাপক ক্ষমতা দিতে হবে। আর এ জন্য রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি।তত্ত্বাবধায়ক সরকারকে ঘিরে বিতর্কের কারণে ২০০৭ সালের ১১ জানুয়ারির পুনরাবৃত্তির আশঙ্কা করেন কি না—এ প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সেনাবাহিনী ইতিমধ্যে বুঝতে পেরেছে, জনগণের প্রতিনিধিদের দেশ চালাতে দিতে হবে। ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিক্ষোভসহ বিভিন্ন ঘটনা সেনাবাহিনীকে এটাই মনে করিয়ে দেয়, বাংলাদেশের জনগণ গণতন্ত্র চায়। মরিয়ার্টির পূর্বসূরি প্যাট্রিসিয়া এ বিউটেনিস সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পাশে ছিলেন কি না—এ প্রশ্নের জবাবে মরিয়ার্টি বলেন, ২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। জরুরি অবস্থা জারি করায় বিউটেনিস খুব অবাক হয়েছিলেন। কারণ, সে সময় একটি সমঝোতায় পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছিলেন।যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাব সদস্যদের মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। আর র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এ বিষয়ে জেমস এফ মরিয়ার্টি বলেন, মানবাধিকার সমুন্নত রেখে যথাযথ দায়িত্ব পালনের স্বার্থেই র্যাবকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। যেহেতু র্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে, তাই সব অভিযোগের পুঙ্খানুপঙ্খভাবে তদন্ত হওয়া উচিত। এরপর তা বিশ্বাসযোগ্য ব্যাখ্যার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে।ড. মুহাম্মদ ইউনূসের অবস্থানকে কেন্দ্র করে মার্কিন সরকার এখনো আগের মতোই উদ্বিগ্ন কি না—জানতে চাইলে মরিয়ার্টি বলেন, ‘আমরা চাই এমন কিছু করা হবে না, যাতে গ্রামীণ ব্যাংকের কার্যকারিতা ও অখণ্ডতা ক্ষুণ্ন হয়। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য ব্যাপক সম্মান অর্জন করেছেন ড. ইউনূস। তাই কেউ-ই চায় না, গ্রামীণ ব্যাংকের কার্যকারিতা মুখ থুবড়ে পড়ুক।