তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হতে পারে নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প হতে পারে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। গতকাল সোমবার নির্বাচন কমিশনের আইন সংস্কারসংক্রান্ত সংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।সকালে কমিশনের সঙ্গে গণফোরামের এ সংলাপ হয়। সংলাপে উপস্থিত সূত্র জানায়, ড. কামাল বলেন, সরকারের শেষ ৯০ দিনে দেশ শাসনের দায়িত্ব ইসিকে দেওয়া হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। এ জন্য তিনি সংবিধানের ১৬তম সংশোধনী আনার দাবি জানান। স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসিকে এ বিষয়ে কথা বলার অনুরোধ করেন তিনি।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা না থাকার বিষয়টিকে জাতীয় সমস্যা উল্লেখ করে গণফোরামের সভাপতি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না থাকলে সংবিধান থাকে না, গণতন্ত্রও থাকে না। অতীতে দেখা গেছে, নির্বাচিতরা ভালো নির্বাচন করেনি। সে জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় ও নিরপেক্ষ সরকারব্যবস্থা থাকা প্রয়োজন।সংলাপে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করায় সরকারের সমালোচনা করে ড. কামাল বলেন, যে রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হলো, এর পূর্ণাঙ্গ রায়ের কপি এখনো পাওয়া যায়নি। সংক্ষিপ্ত রায়ের ওপর নির্ভর করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা ঠিক হয়নি।ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে ইসির প্রস্তাবের প্রতি সমর্থন জানায় গণফোরাম। দলটির পক্ষ থেকে বলা হয়, নির্বাচন কমিশনারদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে নিয়োগ-পদ্ধতি প্রণয়ন করা দরকার। তবে গণফোরাম প্রস্তাবিত জনতহবিল আইনের বিপক্ষে মত দেয়।কমিশনের সঙ্গে বিকেলে নির্ধারিত সংলাপে অংশ নেয়নি জমিয়তে উলামায়ে ইসলাম-বাংলাদেশ।