তত্ত্বাবধায়ক সরকারের সময় সামরিক কর্তারা মানবাধিকার পরিস্থিতি নাজুক করেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান গত তত্ত্বাবধায়ক সরকারকে ‘তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার’ আখ্যায়িত করে বলেন, ওই সময় বেসামরিক পোশাকে সামরিক শাসকেরা দেশের মানবাধিকার পরিস্থিতিকে অত্যন্ত নাজুক অবস্থায় নিয়ে গিয়েছিল। তখনকার চেয়ে বর্তমান সরকারের সময় মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো। কারণ দেশে এখন গণতান্ত্রিক সরকারব্যবস্থা রয়েছে।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত ‘মানবাধিকার লংঘনের অতীত এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারে মিজানুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, যেসব নীতির ওপর ১৯৭২ সালের সংবিধান প্রণীত হয়েছিল, তা যদি অবিকৃত থাকত তাহলে দেশের মানবাধিকার পরিস্থিতির আজ এ অবস্থা হতো না।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তবে এ পদ্ধতি আমাদের দেশ থেকে উদ্ধুদ্ধ নয়। এটি বিদেশের সেসব উন্নত দেশের সৃষ্ট। যারা একদিকে মানবাধিকারের প্রচার করে, আরেকদিকে মানবাধিকার লঙ্ঘন করে। তিনি বলেন, মানবাধিকার রক্ষা কারও একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।মিজানুর রহমান কয়েকটি এতিমখানার দুরবস্থা তুলে ধরে বলেন, ‘একটি এতিম শিশুর জন্য প্রতিদিন নাশতা বাবদ বরাদ্দ হচ্ছে এক টাকা ৩৮ পয়সা। এই দুর্মূল্যের বাজারে এই বরাদ্দে একটি এতিম শিশুর কীভাবে চলে?’বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সেমিনারে অন্যান্যের মধ্যে সাবেক সচিব সৈয়দ মার্গুব মোরশেদ, পোয়েটস ক্লাবের আবদুল খালেক প্রমুখ বক্তব্য দেন।