তত্ত্বাবধায়কব্যবস্থা পুনর্বহাল করে ইসি পুনর্গঠন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারা বাংলাদেশ বলেছে, দলীয় সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। দলটি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে সেই সরকারের অধীনে কমিশন পুনর্গঠন করে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠানে বিকল্পধারা এ প্রস্তাব দিয়েছে। সংলাপের বিষয়বস্তু ছিল নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ। মহাসচিব আবদুল মান্নানের নেতৃত্বে দলটির আট সদস্যের প্রতিনিধি গতকাল বিকেলে ইসির সংলাপে অংশ নেন। সংলাপে বিকল্পধারা সরকারকে তত্ত্বাবধায়কব্যবস্থা পুনর্বহালের ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য ইসিকে অনুরোধ জানায়। এ ছাড়া সংসদীয় আসনের বিদ্যমান সীমানা বাতিল করে ২০০৮ সালের আগের সীমানা পুনর্বহালের প্রস্তাব দেয়। সংলাপে মহাসচিব আবদুল মান্নান বলেন, দলীয় সরকারের অধীনে নিয়োগপ্রাপ্ত কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হয়। তাই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচন কমিশনের উদ্দেশে আবদুল মান্নান বলেন, ‘এবারও তত্ত্বাবধায়কব্যবস্থা আসবে এবং সেই ব্যবস্থার অধীনে কমিশন গঠন হবে। সেই কমিশনে যদি সরকার আপনাদের রাখে, তাতে আমরা আপত্তি করব না। কাজেই তত্ত্বাবধায়কব্যবস্থা পুনর্বহাল করার জন্য সরকারকে বলুন। নইলে তত্ত্বাবধায়কব্যবস্থার দাবিতে বিপ্লব হবে।’ বিকল্পধারার এ প্রস্তাবের জবাবে কমিশনার জাবেদ আলী বলেন, ‘আগামীতে যদি তত্ত্বাবধায়ক সরকার এসে কমিশন পুনর্গঠন করে আমাদের রাখেন, তাতে আপনাদের আপত্তি থাকবে না—আপনাদের এই মেহেরবানির জন্য আমরা পুলকিত।’বিকল্পধারা থেকে সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা ‘৪৫ থেকে ৪৬-এ উন্নীত করা’ এবং কমিশন সচিবালয়কে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আলাদা করে স্বাধীন সচিবালয় গঠনের প্রস্তাব দেওয়া হয়। তবে প্রকৃতপক্ষে সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা এখন ৫০টি এবং ২০০৯ সালে আইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আলাদা করে স্বাধীন কমিশন সচিবালয় গঠন করা হয়েছে। তবে এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনাররা বিকল্পধারার দৃষ্টি আকর্ষণ করেননি। এর আগে সকালে বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডেন্ট নুরুল হক মজুমদারের নেতৃত্বে দলটির সাত সদস্যের প্রতিনিধিদল কমিশনের সংলাপে অংশ নেন। এ দলটিও ২০০৮ সালের সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবি জানিয়েছে। সংলাপে কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ, কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ অংশ নেন।