তত্ত্বাবধায়কব্যবস্থা রাজনৈতিক সংস্কৃতির কলঙ্ক: এরশাদ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে ‘রাজনৈতিক সংস্কৃতির কলঙ্কতিলক’ আখ্যা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতির সূচনাকারী সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আদালতের দেওয়া রায়কে স্বাগত জানিয়ে এরশাদ এ প্রতিক্রিয়া জানান। এরশাদ নির্বাচনপদ্ধতি সংস্কারের একটি প্রস্তাব তুলে ধরেন।নব্বইয়ের গণ-অভ্যুত্থানে প্রেসিডেন্ট এরশাদেরই স্বৈরশাসনের অবসান ঘটিয়ে প্রধান রাজনৈতিক দলগুলো মতৈক্যের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি চালু করেছিল।গতকাল বুধবার নিজের বনানীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান এই অভিমত প্রকাশ করেন। এরশাদ বলেন, জাতীয় পার্টি এ পদ্ধতি মুছে দিতে চায়। কারণ, রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এটা দেশবাসী বিশ্বাস করে না।এ সময় দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।আদালতের রায়কে স্বাগত জানিয়ে এরশাদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সত্যিই বেআইনি ও অসাংবিধানিক। তবে রাজনৈতিক বাস্তবতার কারণে আরও কিছুদিন এ ব্যবস্থা বহাল রাখতে হতে পারে। কারণ, তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতির অধীনে না হলে আগামী নির্বাচন না-ও হতে পারে।