তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। গতকাল রোববার তথ্য অধিদপ্তরে বর্তমান সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আইন মন্ত্রণালয়ের সাফল্য ও অগ্রগতি তুলে ধরার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, সংবিধান মানতে হবে। যেকোনো আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিল হয়ে যাবে। নির্বাচিত প্রতিনিধিদের দিয়েই সরকার চলবে, এটাই বিধান। অনির্বাচিত সরকার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ২০ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। ফৌজদারি কার্যবিধি সংশোধন করা হচ্ছে। এটা হলে মামলার নিষ্পত্তি আরও দ্রুত হবে। যত দিন প্রতিহিংসামূলক মামলা, তত দিন প্রত্যাহারের রেওয়াজ থাকবে: সংবাদ সম্মেলনে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যত দিন প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মিথ্যা মামলা হতে থাকবে, তত দিন পর্যন্ত মামলা প্রত্যাহারের রেওয়াজও চালু থাকবে।প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত জোট সরকারের সময়ে সাবের হোসেন চৌধুরীর নামে থালা চুরির মামলা, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবিরসহ অসংখ্য মানুষের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা করা হয়েছিল। তবে বর্তমান সরকার মিথ্যা মামলা করে না বলে দাবি করেন তিনি।