গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনই গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে।গতকাল বুধবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে একটি সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন এ মন্তব্য করেন। ‘সমাজ, সভ্যতা ও দেশ বাঁচাতে আসুন ঐক্যবদ্ধ হই’ শীর্ষক ওই সুধী সমাবেশের আয়োজন করে সিলেট জেলা গণফোরাম। এতে সিলেট বিভাগের চার জেলার গণফোরাম নেতারা ছাড়াও বিভিন্ন পেশার নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।গণফোরাম সিলেট জেলা সভাপতি নীলেন্দু দেবের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন, সভাপতিমণ্ডলীর সদস্য মোকাব্বির খান, জগলুল হায়দার, শান্তিপদ ঘোষ, তবারক হোসেন, আইয়ুব খান, রফিকুল ইসলাম, এ কে এম ফজলুল কবির কাওসার, রওশন ইয়াজদানী, শেখ মো. ইসমাইল আলী ও আবদুস সাত্তার পাঠান। এ ছাড়া বক্তব্য দেন সিলেট জেলা ন্যাপ সভাপতি সৈয়দ আবদুল হান্নান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, আইনজীবী আনসার খান, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, চিকিৎসক শাহজ্জামান বাহার প্রমুখ।সমাবেশে ড. কামাল হোসেন আরও বলেন, কার্যকর সংসদ, জবাবদিহিমূলক সরকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। জনগণকে রাষ্ট্রক্ষমতার প্রকৃত মালিক হিসেবে ভূমিকা পালন করতে হবে। সে লক্ষ্যে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।এর আগে গতকাল দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন ড. কামাল হোসেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। মতবিনিময় শেষে তিনি আইনজীবী সমিতির পাঠাগার পরিদর্শন করেন।