তত্ত্বাবধায়কের আন্দোলন আরও তীব্র করার শপথ ১৮ দলের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে যে প্রত্যয় ব্যক্ত করেছেন, ১৮ দলীয় জোট এর প্রতিক্রিয়ায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনকে আরও তীব্র করার জন্য শপথ নিয়েছে।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে গতকাল সোমবার রাত নয়টায় জোটের শীর্ষনেতাদের অংশগ্রহণে প্রায় সোয়া ঘণ্টার এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম। জোটের নতুন কর্মসূচি ঠিক করার জন্য এই বৈঠক বসে। বৈঠক শেষে তরিকুল ইসলাম জানান, দু-এক দিনের মধ্যে কর্মসূচি চূড়ান্ত করে গণমাধ্যমকে জানানো হবে। তিনি বলেন, ‘শুনেছি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ শিবির দেখামাত্র গুলি করার কথা বলেছেন। এভাবে গুলি করার অধিকার কারও নেই। বৈধ অস্ত্র থাকলে কেবল আত্মরক্ষার স্বার্থে যে কেউ গুলি করতে পারে। তবে কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তাতে তাঁকে আইনের আওতায় আনা উচিত। এটা মানবাধিকার ও সাংবিধানিক লঙ্ঘন।’ তিনি ক্ষমা চেয়ে এ বক্তব্য প্রত্যাহারের জন্য মহানগর পুলিশ কমিশনারের প্রতি আহ্বান জানান।আসন্ন মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) কথা বিবেচনায় রেখে জোটের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে জানানো হয়।সভায় উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি অলি আহমদ, জামায়াতের নেতা আবদুল হালিম, খেলাফত মজলিসের মোহাম্মদ ইসহাক, জাগপার শফিউল আলম প্রধান প্রমুখ।