তত্ত্বাবধায়কের আমলে উচ্ছেদ, এখনো জমি বুঝে পাননি তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের বিভিন্ন এলাকার হাটবাজারে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদের জন্য অভিযান চালানো হয়। তারপর স্থানীয় পর্যায়ে ব্যবসায়ীরা শুনেছিলেন, সরকার প্রকৃত ব্যবসায়ীদের দোকানের জন্য বন্দোবস্তি দেবেন। এখন ওইসব হাটবাজারে অবৈধভাবে আগের ব্যবসায়ীরাই ঘর তুলে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। রংপুরের বদরগঞ্জ উপজেলায় ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ২৪টির মধ্যে ২২টি হাটবাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় সাড়ে তিন হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন। তাঁদের অনেকে এখন আবার দোকান দিয়েছেন। কিন্তু জমির বন্দোবস্তি পাননি। উপজেলার পাঠানের হাটের মুদি ব্যবসায়ী নজমুল হক বলেন, ‘দোকান ভাঙি দেওয়ার পর কয় মাস খুব কষ্টোত আছনো। পরে শুনছি দোকানের জাগা সরকার থাকি বোলে লিজ (ইজারা) দেবে। কিন্তুক কত দিনে দেবে। কায় দেবে, তাকতো হামরা জানি না। সেই জন্যে আগের জাগাত ঘর তুলি দোকান করোচি।’লালদিঘীহাটের ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, ‘হামরা তো অবৈধভাবে দোকান করবার চাই না। সরকার আইজে লিজ দেউক। আইজে নেমো।’ একই হাটের ব্যবসায়ী আবদুল মজিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হামরা তো জাগা লিজ নিবার চাই। কোনটে গেইলে পামো, তাক কনতো?’ হাটবাজারের দোকানপাটের অংশটি একসনা বন্দোবস্তি দেওয়ার কথা। বাকি অর্ধেক জমি খোলা হাটের জন্য খালি থাকে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, প্রশাসনিক জটিলতার কারণে হাটবাজারগুলোতে দোকান বন্দোবস্ত দেওয়া যাচ্ছে না। এর মধ্যে বদরগঞ্জের হাটবাজার বন্দোবস্ত দেওয়ার জন্য ব্যবসায়ীদের আবেদনপত্র নেওয়া হয়। কিন্তু পৌরসভার মেয়র বিরোধিতা করায় হাটবাজার বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ থেমে যায়।পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা জানান, বদরগঞ্জ উপজেলা শহরের হাটবাজার পৌরসভার অধীন। এটি বন্দোবস্ত দেওয়ার অধিকার ইউএনওর নেই।তত্ত্বাবধায়ক সরকারের সময় রংপুরের তারাগঞ্জের ১৫টি হাটবাজারের সব কটিতে উচ্ছেদ করা হয়েছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন প্রায় দুই হাজার ব্যবসায়ী। এগুলোর মধ্যে ২০০৮ সালে শুধু তারাগঞ্জ বাজারের ৬০ জন ব্যবসায়ীকে জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। বাকি হাটবাজারগুলোতে জমি বন্দোবস্ত দেওয়া হয়নি। এ কারণে এসব হাটবাজারে এখনো অনেক ক্ষুদ্র ব্যবসায়ী খোলা আকাশের নিচে আবার কেউ মাথার ওপর টিন-বাঁশ, বস্তা বা পলিথিন দিয়ে ছাউনি বানিয়ে কোনো রকম ব্যবসা করছেন। উপজেলার মাঝেরহাট বাজারের ব্যবসায়ী আবদুস সালামসহ একাধিক ব্যবসায়ী জানান, স্থায়ী দোকান না থাকায় তাঁরা সকালে বাড়ি থেকে মালামাল নিয়ে এসে বাজারে খোলা আকাশের নিচে বা ঝুপড়িতে বসেন। অবিক্রীত মালামাল রাতে বাড়িতে নিয়ে যান। ইকরচালী বাজারে মুদি-মনিহারি সামগ্রী সাজিয়ে বসা বাছুরবান্ধা গ্রামের মোখলেছুর রহমান বলেন, ‘দেওয়া নাগাইলে (আকাশে মেঘ দেখামাত্র) দোকান তুলি পালাই বাহে। ঝড়ি (বৃষ্টি) আসলে দোকানের মাল ভিজি যায়।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফরহাদ হোসেন বলেন, ‘আমরা বন্দোবস্ত নেওয়ার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের সচেতন করছি। কিন্তু তাঁরা না আসায় বন্দোবস্ত দেওয়া যাচ্ছে না। বিষয়টি জনপ্রতিনিধিদেরও জানানো হয়েছে।’