তত্ত্বাবধায়কের দাবি না মানলে সরকারের পরিণতি হবে ভয়াবহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন বিএনপি মেনে নেবে না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি অবিলম্বে মেনে না নিলে সরকারের পরিণতি হবে ভয়াবহ।গতকাল বুধবার বিকেলে ‘সরকারবিরোধী আন্দোলনে দলকে শক্তিশালী করার বিষয়ে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়’ অনুষ্ঠানে বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন।চট্টগ্রাম শহরতলির দক্ষিণ কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড ছাত্রদল এই মতবিনিময় সভার আয়োজন করে। দক্ষিণ কাট্টলী ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আবদুল্লাহ আল নোমান। নোমান বলেন, ‘ক্ষমতা কুক্ষিগত করতে বর্তমান সরকার দলীয় সরকারের অধীনে নির্বাচনের পাঁয়তারা করছে। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেওয়া না হলে আওয়ামী লীগ সরকারের পরিণতি ভয়াবহ হবে। শিগগিরই সরকার পতনের এক দফার আন্দোলন শুরু হবে।’ বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ দাবি করে নোমান বলেন, ‘আওয়ামী লীগের চার বছরের শাসনামালে বাংলাদেশ ৪০ বছর পিছিয়ে গেছে। তাঁদের সীমাহীন দুর্নীতি, ব্যর্থতা ও লুটপাটে বাংলাদেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে।’ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম, নগর জাসাসের সভাপতি কাজী আকবর, ওয়ার্ড বিএনপির নেতা জসিম উদ্দিন।