বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, আওয়ামী লীগ আবোলতাবোল যা-ই বলুক না কেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে শেষ পর্যন্ত দলটি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে বাধ্য হবে।গতকাল শনিবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির কর্মিসভায় হান্নান শাহ এ কথা বলেন।কর্মিসভায় হান্নান শাহ বলেন, বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা করে ও নির্যাতন চালিয়ে সরকার পার পাবে না। বিএনপি ক্ষমতায় গেলে সরকারের সব অপকর্মের বিচার হবে।হান্নান শাহ দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে সামনের আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।উপজেলার সাফাইশ্রীতে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মিসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সহসভাপতি খন্দকার আজিজুর রহমান ও জেলা বিএনপি নেতা বজলুল হক।