তত্ত্বাবধায়কের বিল আনুন আলোচনায় প্রস্তুত বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির মুখপাত্র ও সমন্বয়ক তরিকুল ইসলাম। তিনি বলেন, তা করলে যেকোনো জায়গায়, যেকোনো সময়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তরিকুল ইসলাম এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্বনির্ভর-বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ আলোচনার আয়োজন করে স্থানীয় সরকার ফোরাম (এলজিএফ) নামের একটি সংগঠন। সরকারকে উদ্দেশ করে বিএনপির মুখপাত্র বলেন, ‘তারা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে না। এর পরও কেন বিরোধী দলের ওপর এত সীমাহীন নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে, তা আমার বোধগম্য নয়।’ তিনি বলেন, মির্জা ফখরুলকে গাড়ি পোড়ানোর মামলায় আটক করা হয়েছে, রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে। আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান অবরুদ্ধ, রিজভী আহমেদ অবরুদ্ধ, ইলিয়াস আলীর আজও কোনো হদিস নেই। ১৫৬ জনকে গুম করা হয়েছে। বিরোধী দলের ২৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার। চার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।গত বুধবার ঢাকায় খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচিতে ব্যাপক মানুষের উপস্থিতি সরকারের প্রতি গণ-অনাস্থার বহিঃপ্রকাশ বলে দাবি করেন তরিকুল। এলজিএফের সভাপতি ও নাটোরের সিংড়া পৌরসভার মেয়র শামীম আল রাজির সভাপতিত্বে আলোচনা সভায় আরও অংশ নেন বিএনপির নেতা ফজলুর রহমান, সিরাজগঞ্জের পৌর মেয়র মোকাদ্দস আলী, নওগাঁর মেয়র এনামুল হক, নোয়াখালীর মেয়র হারুন অর রশীদ প্রমুখ।