তথাকথিত গাড়ি-মার্চ শুরু হয়েছে: ১৪ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ১৪ দলের বৈঠক হয়। ছবি: ফোকাস বাংলা
১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন। আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ১৪ দলের বৈঠক হয়। ছবি: ফোকাস বাংলা

বিএনপির নেতৃত্বাধীন লংমার্চকে তথাকথিত গাড়ি-মার্চ ও রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দল।
আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে আজ মঙ্গলবার লংমার্চ শুরু করেছে বিএনপি।
১৪ দলের মুখপাত্র নাসিম জানান, ২৬ এপ্রিল খুলনা, ২৭ এপ্রিল ঢাকার সাভার এবং ২৮ এপ্রিল ময়মনসিংহ শহরে সমাবেশ করবে ১৪ দল। যুদ্ধাপরাধীদের বিচার ও বিএনপির লংমার্চের নামে গণতন্ত্রের ধারাবাহিকতা বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সমাবেশগুলো অনুষ্ঠিত হবে।
১৪ দলের পক্ষে নাসিম বলেন, ‘বিএনপির নেতৃত্বে লংমার্চের নামে তথাকথিত গাড়ি-মার্চ শুরু হয়েছে। এটা রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া কিছুই নয়।’
১৪ দলের মুখপাত্র বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে না এসে বিএনপির নেতা-কর্মীরা হতাশ। তাই কর্মীদের চাঙা করতে এই কর্মসূচি (লংমার্চ) নেওয়া হয়েছে। পানির সমস্যা তো সবারই সমস্যা। এটা ইস্যু হতে পারে না। এই সমস্যার সমাধান আমরাও চাই।’
তিস্তার পানির ন্যায্য হিস্যা পাওয়া প্রসঙ্গে বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আসুন আমরা এর সমাধান করি। আমাদের সহযোগিতা করুন।’
লংমার্চের নামে বিএনপি কোনো নৈরাজ্য করতে চাইলে সরকারকে কঠোর হাতে তা দমন করার পরামর্শ দেন ১৪ দলের মুখপাত্র।

বিএনপির সমালোচনা করে নাসিম বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে এ নিয়ে (তিস্তার পানি) কোনো আলোচনা করেনি। আমরা ক্ষমতায় থাকতে গঙ্গার পানি সমস্যার সমাধান করেছি। ইনশাআল্লাহ তিস্তার পানির সমস্যাও সমাধান করব।’
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা দাবি করেন, ‘ভারতের নির্বাচনে সরকার পরিবর্তন হলেও আলোচনার ভিত্তিতে তিস্তার ন্যায্য হিস্যা পাব। কারণ তিস্তার পানির ওপর আমাদের ন্যায্য অধিকার আছে। বর্তমান বিশ্বে হানাহানি করে কোনো সমস্যা সমাধান করা যায় না। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা উচিত।’
১৪ দলের বৈঠকে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, গণআজাদী লীগের সভাপতি আবদুস সামাদ, তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল প্রমুখ। এ ছাড়া বৈঠকে আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।