ব্রিটিশ আমল থেকে ১১ শতাধিক আইন জনগণের ওপর প্রয়োগ করা হচ্ছে। কিন্তু তথ্য অধিকার আইন ২০০৯-এ দেশের জনগণের আইন। জনগণ এর প্রয়োগের ক্ষমতা রাখেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জনঅবহতিকরণ সভায় প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান এ কথা বলেন।
তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভার প্রধান অতিথি গোলাম রহমান আরও বলেন, ১৯২৩ সালের দাপ্তরিক গোপনীয়তা আইন বলবৎ থাকায় অফিস-আদালত সবখানে তথ্য গোপন রাখতে হয়। তাতে জনগণের তথ্য জানার অধিকার ছিল না। তথ্য অধিকার আইন চালু হওয়ায় নাগরিকের তথ্য জানার অধিকার হয়েছে। তাঁরা যেকোনো দপ্তরে কর্তৃপক্ষের কাছে নির্ধারিত ফরমে আবেদন করে তথ্য জানতে পারবেন। তথ্য না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে।
প্রধান তথ্য কমিশনার আরও বলেন, ‘তথ্য অধিকার আইন ২০০৯-এর মাধ্যমে নতুন সংস্কৃতি চালু হয়েছে। যার পূর্ণতা দিতে ব্রিটিশ আমলের পুরোনো ধারণা থেকে বেরিয়ে এসে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে নতুন মানসিকতা নিয়ে তৈরি হতে হবে।’
সদর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক।
সভায় সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের প্রধান, পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সংবাদকর্মীরা অংশ নেন।