তথ্য অধিকার আইন প্রচারে এগিয়ে আসার আহ্বান

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক মো. গোলাম রহমান ‘জাতীয় দায়িত্ব’ পালনের অংশ মনে করে তথ্য অধিকার আইনটি প্রচারে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি এ ক্ষেত্রে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কমিশনার এ আহ্বান জানান। তথ্য কমিশন এতে ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনের প্রস্তুতি সম্পর্কে জানায়।
অধ্যাপক গোলাম রহমান জানান, তথ্য চেয়ে আবেদন করা ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যা ১০ ভাগের কম। ২০০৯ সাল থেকে কার্যকর হওয়া তথ্য অধিকার আইনটির মূল উদ্দেশ্য হচ্ছে দেশে জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা। অন্যান্য আইন জনগণের ওপর প্রয়োগ করা হয়। এ আইনটি জনগণ কর্তৃপক্ষের ওপর প্রয়োগ করে। আইনটি বাস্তবায়নে কমিশন প্রচার প্রচারণা চালাচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে। অভিযোগের শুনানি ও সিদ্ধান্ত দিচ্ছে।
গোলাম রহমান জানান, বর্তমানে মানুষের মধ্যে তথ্যের চাহিদা বাড়ছে। একই সঙ্গে তথ্য না পেয়ে কমিশনে অভিযোগ করার সংখ্যাও বাড়ছে। অর্থাৎ মানুষ তথ্য না পেয়ে ছাড়ছে না। মানুষকে আইনটি নিয়ে সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান বা দিবস ধরে গণমাধ্যমগুলো আইনটির প্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার জানান, কমিশনে আসা অভিযোগের ৯৫ শতাংশের ক্ষেত্রেই আবেদনকারীকে তথ্য সরবরাহ করার আদেশ দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি জেলা পর্যায়েও পালন করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন। জাতীয় পর্যায়ে ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কমিশন একটি শোভাযাত্রার আয়োজন করেছে। শিল্পকলা একাডেমিতে গিয়ে এ শোভাযাত্রা শেষ হবে। তারপর বেলা ১১টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা এবং একটি তথ্য মেলা হবে।