তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতার ওপর গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইনকে ব্যাপক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তকে তথ্য অধিকার বিষয়টি অন্তর্ভুক্ত করেছে, যা এই আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে।
আজ শনিবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলার ৬টি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
এমআরডিআই ও মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহায়তায় যশোর জেলা প্রশাসন ও যশোর জেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় এই শিক্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এই কার্যক্রমের আওতায় যশোর সদর, বাঘারপাড়া, মনিরামপুর, কেশবপুর, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় এই ওরিয়েন্টশন প্রোগ্রামের আয়োজন করা হবে।
উদ্বোধনী বক্তব্যে যশোর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর বলেন, সরকার গণমুখী প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই তথ্য অধিকার আইন পাস করেছে। আইন পাসের প্রায় ছয় বছর পার হলেও এখনো কাঙ্ক্ষিত জনসচেতনতা সৃষ্টি হয়নি। শিক্ষকদের ওরিয়েন্টেশন আয়োজনের মাধ্যমে তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির এই উদ্যোগ গ্রহণের জন্য এমআরডিআইকে ধন্যবাদ। তিনি আরও বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে শিক্ষকদের সম্যক ধারণা প্রদান সম্ভব হলে তাঁরা ছাত্র-ছাত্রীদের মাঝে সঠিকভাবে আইনটি তুলে ধরতে পারবেন যা ভবিষ্যতে একটি বহুমাত্রিক ফলাফল বয়ে আনবে।
এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, নাগরিক সমাজের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকার নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তকে তথ্য অধিকার আইন বিষয়ে পাঠ যুক্ত করেছে। যে শিক্ষকেরা এই বিষয়টি পড়াবেন তাঁরা এই আইন বিষয়ে বিস্তারিতভাবে অবহিত নন। তাই এমআরডিআই যে শিক্ষকগণ সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান করেন তাঁদের জন্য এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে। এই উদ্যোগ জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর অবদান রাখবে বলে এমআরডিআই মনে করে। যৌথভাবে এই ওরিয়েন্টেশন আয়োজনের জন্য তিনি জেলা প্রশাসন এবং আয়োজনে সহায়তার জন্য জেলা শিক্ষা অফিসকে ধন্যবাদ জানান।
ওরিয়েন্টেশনে তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তা, আইনের বিধিবিধান ও এ বিষয়ে শিক্ষকদের করণীয় বিষয় আলোচিত হয়। বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ হাসান, যশোর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান মো. জাহাঙ্গীর হুসাইন মিঞা, এমআরডিআই-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার হামিদুল ইসলাম।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে যশোর জেলার ৬টি উপজেলার ৪১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেবেন। ওরিয়েন্টেশনের পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ের জন্য তথ্য কমিশন, ডি. নেট ও মানুষের জন্য ফাউন্ডেশনের তথ্য অধিকার আইন বিষয়ক একটি শিখন ভিডিও ম্যানুয়াল; তথ্য অধিকার আইন, বিধিমালা ও প্রবিধান মালাসমূহের গেজেট; তথ্য অধিকার আইন সহজ পাঠ ও কার্টুন ম্যানুয়াল প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।